অবশেষে মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া ২২ দিনের শিশু

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২৩:০৯

প্রশাসনের সহযোগিতায় অবশেষে মায়ের কোলে ফিরল টাকার বিনিময়ে দত্তক দেওয়া ২২ দিন বয়সি শিশু। বুধবার বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নাটোর জেলা প্রশাসক মেয়েটিকে তার মায়ের কোলে তুলে দেন। জেলা প্রশাসন সূত্র জানায়, বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের ভ্যানচালক রেজাউল করিম ও স্ত্রী ফুলজান বেগমের সংসারে আট ও পাঁচ বছর বয়সি ছেলের পর প্রথম মেয়ে সন্তান জন্মায়। শখ করে মেয়েটির নাম রাখেন চাঁদনী খাতুন। তবে ঋণের টাকা শোধ করার জন্য জন্মের ২২ দিন পর মেয়েটিকে পাবনার এক কলেজশিক্ষক দম্পতির কাছে বিক্রি করতে বাধ্য হন। গত রবিবার মেয়েটিকে হস্তান্তর করার পর মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

ডিসি মো. শাহরিয়াজ বলেন, অভাবের কারণে ভ্যানচালক দম্পতি কিছু সুবিধা নিয়ে মেয়েটিকে দত্তক দিয়েছিলেন। আমরা মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের         কোলে তুলে দিয়েছি। এসময় ঐ দম্পতিকে নগদ টাকা, খাদ্যসামগ্রী ও একটি ভ্যান উপহার দেওয়া হয়। মুজিববর্ষ উপলক্ষ্যে তাদেরকে নতুন ঘরও উপহার দেওয়া হবে বলে তিনি জানান।

শিশুটির মা জানান, অভাবের সংসারে তারা দাদন ব্যবসায়ীর টাকা পরিশোধ করতে নিরুপায় হয়ে একমাত্র মেয়েকে কলেজশিক্ষক দম্পতির কাছে হস্তান্তর করেন। এর বিনিময়ে তাদেরকে ১ লাখ ১০ হাজার টাকা দেওয়া হয়। সেই টাকায় তারা ঋণ শোধ করেন।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, অর্থ পরিশোধে সহযোগিতা করায় ঐ দম্পতি তাদের  মেয়েটিকে ফিরে পেয়েছেন। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হয়।