লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন এবং ১১টি পৌরসভায় সাধারণ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তপশিল অনুযায়ী, এসব স্থানে ভোটগ্রহণ হবে আগামী ১১ এপ্রিল। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। বুধবার নির্বাচন ভবনে কমিশনের এক সভা শেষে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর এ তপশিল ঘোষণা করেন। তিনি জানান, লক্ষ্মীপুর-২ ও পৌরসভাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হবে।
ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য হওয়ায় এ আসনে উপনির্বাচনের তপশিল ঘোষণা করল ইসি। গত ২৮ জানুয়ারি তাকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে কুয়েতের আদালত। ঐ দিন থেকেই তার আসন শূন্য হিসেবে গণ্য করে ২২ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। এতে বলা হয়, নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্য নন।
আর ষষ্ঠ ধাপে যে ১১টি পৌরসভা নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়, সেগুলো হচ্ছে—পঞ্চগড়ের দেবীগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, চট্টগ্রামের বোয়ালখালী এবং যশোরের নওয়াপড়া (অভয়নগর)।
