অবশেষে ছয় মাসের জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২৩:১৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিন দিয়েছে হাইকোর্ট। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে তাকে ছয় মাসের জামিন দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালত বলেন, জামিন আবেদনকারীর অসুস্থতা ও দীর্ঘ কারাবাসের বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন মঞ্জুর করা হলো। এই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানান আইনজীবী ব্যারিস্টার জ্যের্তিময় বড়ুয়া।      গত ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় এ মামলা করা হয়। নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে মুশতাক ও কিশোর হাইকোর্টে জামিন চান। আবেদন দুটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় ছিল। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি কারাগারে মারা যান মুশতাক। তার মৃত্যুজনিত তথ্য হলফনামা আকারে দাখিলের পর জামিন আবেদনটি বাতিল করা হয়।

এরপর গতকাল কিশোরের আবেদনের ওপর দ্বিতীয় দিনের মতো আংশিক শুনানি হয়। শুনানিতে  জ্যের্তিময় বড়ুয়া বলেন, গত ২৩ ফেব্রুয়ারি কিশোরকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। তখন উনি মৌখিকভাবে আমাদের জানিয়েছিলেন যে তাকে নির্যাতন করা হয়েছে। এখন ডান কানে শুনতে পাচ্ছেন না। শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে জামিন দেওয়া হোক। এ পর্যায়ে আদালত বলেন, নির্যাতনের কথা বলছেন কিন্তু তা আবেদনের কোথাও উল্লেখ করেছেন? আইনজীবী বলেন, তা করা হয়নি। আদালত বলেন, বক্তৃতা, বিবৃতি, টকশো সবখানেই এসব বিষয়ে কথা বলেন। কিন্তু কোর্টে এফিডেভিট আকারে  কেন দাখিল করেন না। শুনানি শেষে হাইকোর্ট কিশোরের জামিন মঞ্জুর করেন।