যৌথ বাহিনীর অভিযান

দীঘিনালায় অস্ত্র, গুলিসহ আটক ইউপিডিএফের চার সদস্য

আপডেট : ০৩ মার্চ ২০২১, ২৩:১৫

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া এলাকায় মঙ্গলবার ভোররাতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলিসহ ইউপিডিএফের (প্রসিত) চার কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ প্রায় ৬ লাখ টাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বুধবার দীঘিনালা থানায় অস্ত্র আইনে একটি এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন—রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিধু ভূষণ চাকমা ওরফে অনিক (৫১), খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সমর বিজয় চাকমা ওরফে নিবেদন চাকমা (৩৬), পূর্ণ জীবন চাকমা ওরফে দিগন্ত চাকমা (৪২) এবং প্রত্যয় চাকমা ওরফে প্রীতি (৪২)।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানছড়া এলাকার পরাজয় চাকমার বাড়ির পাশের সেগুনবাগান থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি পিস্তল (একটি অ্যামেরিকায় তৈরি), তিনটি ম্যাগাজিন, ৪০ রাউন্ড পিস্তলের গুলি, নগদ ৫ লাখ ৭৪ হাজার ৫২১ টাকা, আটটি মোবাইল ফোন, ১০টি সিম, তাদের ব্যবহূত ব্যাগ এবং চাঁদা আদায়ের রসিদ বই জব্দ করা হয়।

এদিকে ইউপিডিএফ এক বিবৃতিতে তাদের চার কর্মী আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে।