জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত নিক্সন চৌধুরী এমপি

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:২২

ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ৪৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় এমপি নিক্সন চৌধুরী মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘২০১৪ সালে যখন আমার যৌবনের মোক্ষম সময় সেসময় আমাকে ভালোবেসে ফরিদপুর-৪ আসনের জনগণ এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছে। ২০১৯ সালেও পুনরায় আমাকে তারা ভালোবেসে এমপি বানিয়েছে। আমাকে জনগণ যেভাবে ভালোবেসে তাদের প্রতিনিধি বানিয়েছে, আমিও ঠিক তাদেরকে ভালোবেসে আমার যৌবন তাদের পিছে ব্যয় করেছি। আমি উন্নয়ন ও মূল্যায়ন দিয়ে ফরিদপুর-৪ আসনকে মডেল আসন হিসেবে দাঁড় করিয়েছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আগামীতে এই ভালোবাসার জনগণকে সঙ্গে নিয়ে নৌকার হয়ে কাজ করে যাব ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি দিনরাত জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান বলেন, ভাগ্যক্রমে আমরা এমন একজন নেতা পেয়েছি যিনি শুধু দিতেই জানেন। কখনো জনগণকে নিয়ে ব্যবসা করেন নাই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, সরকারি কে এম কলেজের সাবেক জি এস লাবলু মুন্সি, পৌর কাউন্সিলর ওমর খয়রাতি প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ৩ মার্চ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জন্মগ্রহণ করেন এমপি নিক্সন চৌধুরী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র।