ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকের ওপর হামলা

দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:২৩

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ইব্রাহীম ফারুক এবং বাউফল প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ঢাকাস্থ বাউফলবাসী।

মানববন্ধন চলাকালে বাউফল উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মীরের সভাপতিত্বে বক্তৃতা করেন আহত ইব্রাহীম ফারুকের ছেলে ইবনে ফারুক সৌমিক, ব্যবসায়ী মহসীন মিয়া, বাউফল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জসিম উদ্দিনসহ অন্যরা।

বক্তারা বলেন, স্থানীয় এক প্রভাবশালীর নির্দেশে তার অনুসারিরা এই হামলা চালিয়েছে। হামলায় মারাত্মক আহত ইব্রাহীম ফারুক ও হারুন-অর-রশিদ খান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অনতিবিলম্বে এ হামলার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।