টিকা বেশি এলে চল্লিশের কম বয়সিরাও পাবেন :স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:২৭

আপাতত ৪০ বছরের কম বয়সিদের কোভিড-১৯ টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা বেশি এলে ৪০ বছরের নিচের বয়সিদের টিকা দেওয়ার বিষয়টি চিন্তা করা হবে। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট ও ব্যবস্থাপনা বিষয়ে এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিশেষ সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতে ৬০ বছর বা এর বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের দেশে এটা অনেক কমিয়ে ৪০ বছরে নিয়ে এসেছি। ৪০ বছরে নিয়ে আসার কারণে আমাদের ৪ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে। আমাদের হাতে যদি ভ্যাকসিন বেশি আসে, তাহলে বয়সের বিষয়টি চিন্তা করতে পারব। শিডিউলও পরিবর্তন করতে পারব। আমাদের সবসময় চেষ্টা থাকবে, নিশ্চিত হয়ে যেন আমরা কাজ করি। সেকেন্ড ডোজ যেন আমাদের হাতে থাকে। সেটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ বলেন, ‘গত এক মাস দেশব্যাপী ভ্যাকসিন প্রদানে বাংলাদেশের প্রশংসা কেবল দেশেই নয়, বিদেশ থেকেও হয়েছে। এখন পর্যন্ত দেশের ৪৫ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন নিতে রেজিস্ট্রেশন করেছে এবং ইতিমধ্যেই ৩৩ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে। ইতিমধ্যেই দেশের ১ হাজার সাতটি ভ্যাকসিন বুথে পর্যাপ্ত ভ্যাকসিন পাঠানো হয়েছে। আগামী জুলাই পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে কোভ্যাক্স-এর ১ কোটি ৯ লাখ ভ্যাকসিনসহ মোট ৪ কোটি ভ্যাকসিন দেশের মানুষের শরীরে প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।