জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আগামী ৫ থেকে ১০ মার্চ বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ করা হবে। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর এক জন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। উল্লেখ্য, গতকাল নির্বাচন কমিশন জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তপশিল ঘোষণা করেছে।
