চট্টগ্রামে সুদীপ্ত হত্যার সন্দেহভাজন আসামির আদালতে আত্মসমর্পণ

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:৩৩

নগরীতে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার সন্দেহভাজন আসামি মো. নিয়াজ মোর্শেদ আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরওয়ার জাহানের আদালত এ আদেশ দেয়। মো. নিয়াজ মোর্শেদ মিরসরাই পৌরসভার মঘাদিয়া এলাকার মোল্লা বাড়ির মো. আবুল হাসেমের পুত্র।

আসামিপক্ষের আইনজীবী বাবুল দাশ জানান, ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার সন্দেহভাজন চার্জশিটভুক্ত ২২ নম্বর আসামি মো. নিয়াজ মোর্শেদ আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত-আট জনকে আসামি করে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মামলাটি তদন্তের জন্য পিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়। সুদীপ্ত খুনের ঘটনায় ১৫-১৬ জনের নাম এসেছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের নিয়ন্ত্রণ নিয়ে ফেসবুকে লেখালেখি করেছিলেন সুদীপ্ত। এ ঘটনার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।