যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও এবার ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। রক্ষণশীলদের প্রকাশনা ডেইলি সিগন্যালে এক নিবন্ধে তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সততা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, নির্বাচনের অনিয়মগুলো খুবই তাত্পর্য্যপূর্ণ এবং সমস্যার। এর মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকেই তুলে ধরলেন। যদিও তিনি কোনো প্রমাণ দেননি। অথচ অফিসে থাকতে মাইক পেন্স তার প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির প্রতি কখনো সমর্থন দেননি। তিনি বরং কংগ্রেসে ইলেক্টরদের ভোটকে সত্যায়িত করেছিলেন। নিবন্ধে মাইক পেন্স প্রতিনিধি পরিষদে ‘সুইপিং গভর্নমেন্ট, এথিকস অ্যান্ড ইলেকশন বিল, এইচআর১’ এর বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করার কথা ডেমোক্র্যাটদের। -সিএনএন
