তিস্তা নিয়ে শিগগিরই আলোচনা: জয়শঙ্কর 

আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৬:৫৫

তিস্তা নদীর পানি বন্টনের বিষয়ে শিগগিরই বাংলাদেশ ও ভারতের পানি সম্পদ সচিবদের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী  ড. এস জয়শঙ্কর। বৃহস্পতিবার  দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন। 

সংবাদ সম্মেলনে ড. এস জয়শঙ্কর বলেন, শুধু  কৌশলগত নয় গভীর জায়গায় পৌঁছেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। করোনার মধ্যেও বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও জোরালো হয়েছে। বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু হিসেবে ভারত সবসময় বাংলাদেশের থাকবে।  

নিজ সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতেই তিনি ঢাকায় এসেছেন। তবে এ ছাড়াও বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি। 


 

এছাড়া সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত ঢাকা-দিল্লি। বাণিজ্য, অভিন্ন নদীর পানিরবন্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন  ড. এ কে আব্দুল মোমেন। 

ইত্তেফাক/এআর