এই প্রবণতা বন্ধ হোক

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:০৫

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢুকলেই চোখে পড়ে সরিষাখেত কিংবা সূর্যমুখী বা গোলাপ ফুল চাষের জমিতে মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গিমার ছবি। মনের খোরাক মেটাতে যাওয়া দর্শনার্থীদের এমন উপস্থিতি ফুলচাষিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ফুলে ফুলে ভরা দৃষ্টিকাড়া খেতে কেউবা সেলফি তুলতে, কেউবা স্বজন নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় করছেন। বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলতে গিয়ে ঢুকে পড়ছেন জমির মধ্যে। কেউ ফুল তুলছেন, কেউ পাতা ছিঁড়ছেন, এমনকি গাছের ডালপালাও ভেঙে ফেলছেন। এভাবেই কৃষকের খেতে ফসল উত্পাদন ব্যাহত হচ্ছে। নিয়মিত পাহারা দিয়েও লোকজনের ভিড় ঠেকানো যাচ্ছে না। এতে কৃষকরা কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা ও আর্থিক ক্ষতি নিয়ে শঙ্কিত। মনের খোরাক মেটাতে গিয়ে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সবার সদয় দৃষ্টি কাম্য।

মো. ইফতে খারুল ইসলাম

শিক্ষার্থী,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ