এ এক অন্য বাঁধন!

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:০৮

বিনোদন রিপোর্ট

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিয়মিত কাজ করছেন নাটক ও বিজ্ঞাপনে। নিজেকে ভিন্নভাবে দর্শকদের কাছে উপস্থাপনের ধারাবাহিকতায় এবার তাকে দেখা যাবে একটি মিউজিক্যাল ফিল্মে। কাজী নজরুল ইসলামের একটি গান নিয়ে এই মিউজিক্যাল ফিল্মটি নির্মিত হচ্ছে। পিপলু আর খানের পরিচালনায় বান্দরবানে ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘কাজী নজরুল ইসলামের জয় হোক শিরোনামের এই গানটি সংগীতশিল্পী সুস্মিতা আনিস নতুন করে গেয়েছেন। গানটির কথা যখন আমি শুনি তখন আমার গা শিউরে ওঠে। মনে হয়েছিল কেউ আমার কথাগুলো গানের সুরে বলছে। তাই অফার পাওয়ার সঙ্গে সঙ্গে একবাক্যে রাজি হয়ে যাই। আমরা দুর্গম পাহাড়ি অঞ্চলে এর শুটিং করেছি। আমার যত দুঃখ, রাগ-ক্ষোভ এই কাজটির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। কাজী নজরুল ইসলামের সেই সময়ে নিজে দেখেছি। ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে।’

এছাড়াও বাঁধন সম্প্রতি ওপার বাংলার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ওয়েব সিরিজটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। একজন বাংলাদেশি অভিনেত্রী হিসেবে সৃজিত মুখার্জির সঙ্গে কাজে অভিজ্ঞতা ও ওয়েব সিরিজটি নিয়ে বাঁধন আরো বলেন, ‘ওয়েব সিরিজটির শুটিং গত জানুয়ারিতে শেষ হয়েছে। গত মাসে আমি ডাবিংও করে এসেছি। হয়তো শিগগিরই এটির স্ক্রিনিং হবে। আমার ক্যারিয়ারে ভালো আরেকটি কাজ যুক্ত হতে যাচ্ছে। সৃজিত মুখার্জির মতো বড়মাপের নির্মাতার সঙ্গে কাজ করার একটা প্রত্যাশা ছিল। সবচেয়ে ভালো লেগেছে যে, উনি এই চরিত্রটি আমাকে দিয়ে করানোর জন্য বা ধারণ করার জন্য আমার পেছনে ৬ মাস সময় দিয়েছেন। শুটিংয়ে সময়ও খুবই সহযোগিতা করেছেন। তবে সব অভিজ্ঞতাই যে ভালো হয়েছে তেমনও না।’