সিটিও ফোরামের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের সম্পর্ক ছিন্নের নির্দেশ

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

দেশের ব্যাংক, আর্থিক খাত ও বিভিন্ন প্রতিষ্ঠানের আইটি বিভাগের কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে কেউ সিটিও ফোরামের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার পাশাপাশি সব ধরনের সংশ্লিষ্টতা পরিহার করে চলতি মার্চ মাসে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিটিও ফোরামের সঙ্গে ব্যাংক কর্মকর্তাদের সম্পর্ক ছিন্ন করার এ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সি (বিজিডি ইন-গভ-সিআইআরটি) স্মারকের মাধ্যমে জানায়, ডিবিসি টেলিভিশনের ‘টালিখাতা’ নামক অনুষ্ঠানে ব্যাংকগুলোর সাইবার হ্যাকিং প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনায় সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতির দেওয়া বক্তব্য অসত্য। তিনি ব্যাংকগুলোর সাইবার হ্যাকিং প্রতিরোধে প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে কথা বলেন সেখানে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের সম্পর্ক পরিহার করতে বাংলাদেশ ব্যাংককে সুপারিশ করে সরকারের এই দুই সংস্থা। জানা গেছে, ২০১২ সালে সিটিও ফোরাম কার্যক্রম শুরু করে। বর্তমানে সিটিও ফোরামের সদস্য প্রায় ৪০০।