গলাচিপা ম্যাজিস্ট্রেট আদালত

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে কার্যক্রম

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:৩৭

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঝুঁকিপূর্ণ একতলা ভবনে কার্যক্রম চলছে। ছাদ ও বিমের ঢালাই খসে বেড়িয়ে পড়েছে রড। দেওয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরে পলেস্তারা খসে পড়েছে। বেহাল হয়ে পড়েছে শৌচাগার। নেই নিরাপত্তা প্রাচীর। অপরদিকে ম্যজিস্ট্রেটের এজলাসে বিম ও দেওয়ালেও ফাটল রয়েছে। ফলে আদালত চলাকালে বিচারক, বিচারপ্রার্থী, আইনজীবী, পুলিশসহ সবাই থাকছেন আতঙ্কে। গলাচিপা ছাড়াও রাঙ্গাবালী উপজেলার বিচারিক কার্যক্রম চলে এ আদালতে।

প্রবীণ আইনজীবীরা জানান, গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনটি ২০০০ সালে  উদ্বোধন করা হয়। ভবনে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথ তদারকির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন আদালত ভবন নির্মাণ করা দরকার। আদালতের ম্যাজিস্ট্রেটের এজলাস, খাস কামরা, পেশকার রুম, কোর্ট সিএসআই, জিআরও, নকলখানা, পুলিশ ব্যারাক, হাজতখানাসহ পুরোভবনই ঝুঁকিপূর্ণ। আদালতের এজলাশের কক্ষটি সংকীর্ণ।

অ্যাডভোকেট জালাল আহমেদ তালুকদার ও মোহাম্মদ শামীম মিয়া জানান, প্রতিদিন আদালত সংশ্লিষ্ট ছাড়াও কয়েকশ মানুষ উপস্থিত হন আদালতে। পুলিশ ব্যারাকে ঝুঁকি নিয়ে বসবাস করছেন কর্তব্যরত পুলিশরা।

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভবনটি সংস্কারে প্রাক্কলন তৈরি করে অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।