ওয়েস্ট ইন্ডিজের আয়েশি জয়
স্পোর্টস ডেস্ক
এক ওভারে হ্যাটট্রিক, তার পরের ওভারেই ছয় ছক্কা! দুই ওভারের মধ্যেই স্বর্গ-নরক দুটিই দেখে ফেললেন আকিলা ধনঞ্জয়া। হ্যাটট্রিকের পর ধনঞ্জয়াকে ছয় ছক্কার বিষাদ উপহার দেওয়া কাইরন পোলার্ডের ঝড়ো ব্যাটিংয়ে গতকাল শ্রীলঙ্কাকে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তৃতীয় ব্যক্তি হিসেবে ছয় ছক্কার ক্লাবে যোগ দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক পোলার্ড।
অ্যান্টিগায় টসে জিতে বোলিংয়ে নামা উইন্ডিজরা সফরকারীদের বেঁধে ফেলে ১৩১ রানেই। জবাবে ১৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও ইনিংসের চতুর্থ ওভারে বিপাকে পড়ে স্বাগতিকরাও। ৩.১ ওভারে ৫২ রান তুলে নেওয়া উইন্ডিজদের প্রথম তিন উইকেটের পতন হয় পরের তিন বলে। ডানহাতি ধনঞ্জয়ার ঘূর্ণিতে পর পর তিন বলে কাবু হন এভিন লুইস, ক্রিস গেইল ও নিকোলাস পুরান। তিন জন মারকাটারি টি-টুয়েন্টি ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানো ধনঞ্জয়া পরের ওভারেই দেখেন মুদ্রার উলটো পিঠ। ম্যাচের ষষ্ঠ ওভারে ধনঞ্জয়াকে ছয় ছক্কা মেরে পোলার্ড শুধু রেকর্ডের খাতাতেই নাম লিখাননি, ম্যাচের গতিপথও বদলে দেন পুরোপুরি। দিনশেষে ১৩২ রান তাড়া করতে পোলার্ডরা খরচ করেছে মাত্র ১৩.১ ওভার। পোলার্ডের আগে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ছয় ছক্কা দেখেছে ২০০৭ সালে। সে বছরের ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ছয় বলে ছয় ছক্কা হাঁকান দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। আর একই বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ওভারে ছয়বার বাউন্ডারি-ছাড়া করেন ভারতের যুবরাজ সিং। গিবস এবং যুবরাজ দুজনই পোলার্ডকে অভিনন্দন জানিয়েছেন তাদের নিজস্ব টুইটার একাউন্ট থেকে।
ম্যাচশেষে ছয় ছক্কা মারার অনুভূতি জানতে চাইলে পোলার্ড বলেন, ‘তৃতীয় বলের পরই আমি বুঝতে পেরেছিলাম আমি ছয় ছক্কা মারতে পারব। আর যখন পাঁচটা ছয় মেরে ফেলেছি, তখন বুঝেই ফেলেছি বোলার আর পারবে না।’
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩১/৯ (নিসানকা ৩৯, ডিকভেলা ৩৩; ম্যাকয় ২-২৫)। ওয়েস্ট ইন্ডিজ: ১৩.১ ওভারে ১৩৪/৬ (পোলার্ড ৩৮, হোল্ডার ২৯*; হাসারাঙ্গা ৩-১২, ধনঞ্জয়া ৩-৬২)। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
ম্যাচ সেরা: কাইরন পোলার্ড।
