বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে মেডিক্যালের ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করেছেন তারা। শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হলেও মেডিক্যালের মতো গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা নিয়ে এত তাড়াহুড়া কেন? এটা ঈদের পরে না নিয়ে আমাদের ওপর বৈষম্য কেন—এমন প্রশ্ন এই শিক্ষার্থীদের।
তারা আরো বলেন, ভর্তি পরীক্ষায় যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকসহ প্রায় ৩ লাখ লোকের জনসমাগম ঘটবে। অথচ বাংলাদেশে এখনো করোনা পুরোপুরি নির্মূল হয়নি। এমতাবস্থায় কোনো শিক্ষার্থী বা অভিভাবক যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তবে এর দায়ভার কে নেবে? কর্মসূচি থেকে আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিক্যালের ভর্তি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।
