লেখক মুশতাক আহমেদের মৃত্যু স্বাভাবিক :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:৫৫

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু ছিল স্বাভাবিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি, গাজীপুরের ডিসি ও কারা কর্তৃপক্ষের তিনটি রিপোর্টই এই মৃত্যুকে ‘ন্যাচারাল ডেথ’ (স্বাভাবিক মৃত্যু) বলে অভিহিত করেছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো ও মওকুফ এবং শর্ত শিথিলের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন আইন মন্ত্রণালয় মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব তদন্ত কমিটির অভিমত মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাথরুমে গিয়ে তিনি অসুস্থ হয়ে গেলে পরে তাকে হাসপাতাল নেওয়া হয়। সুরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন নেই। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছিলাম। গাজীপুরের ডিসিও একটি কমিটি করেছিলেন, আইজি প্রিজন্স তাত্ক্ষণিকভবে একটি কমিটি করেন। সবগুলো কমিটির অভিমত একরকম। তারা ভিডিও ফুটেজ ও কারাগারে যারা তার সঙ্গে অন্তরীণ ছিলেন, তার রুমে যে কজন ছিলেন, কর্তব্যরত চিকিত্সক যারা ছিলেন, হাসপাতালে যারা নিয়ে গেছেন—তাদের সবার অভিমত নিয়ে যে রিপোর্টটি দিয়েছেন সেই রিপোর্টে বলা হয়েছে, এটা ন্যাচারাল ডেথ। আমরা ফাইনালি পোস্টমর্টেমের রিপোর্টের পরে আরো বিস্তারিত জানতে পারব। 

খালেদা জিয়ার দণ্ড নিয়ে স্থগিতের মেয়াদ বাড়ানো আবেদন আইন মন্ত্রণালয়ে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানো ও মওকুফ এবং শর্ত শিথিলের আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এখন আইন মন্ত্রণালয় মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠাবে বলেও জানান তিনি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড দ্বিতীয় দফায় ছয় মাসের জন্য স্থগিত রয়েছে। আগামী ২৪ মার্চ সেই স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোসহ কয়েকটি দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আইন মন্ত্রণালয় মতামত দিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ। এখান থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাব।