বিএনপি জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে :কাদের

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২২:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

দেশের মানুষ নাকি বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়া কান্না কাঁদছে। তিনি বলেন, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন, হয়েছেন মাদার অব হিউম্যানিটি। পক্ষান্তরে বিএনপি জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে। বিএনপি আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিল জানিয়ে তিনি বলেন, বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না। বড় নেতা এমনকি জনপ্রতিনিধি হলেও জবাবদিহি করতে হয়।

এর আগে সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে এক ভিডিও কনফারেন্সে    যুক্ত হয়ে যেসব সড়কের কাজ ঢিলেঢালাভাবে চলছে সেগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি বর্ষার আগেই সারা দেশে চলমান সংস্কার কাজগুলো শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। মন্তু্রী বলেন, বাস রেপিড ট্রানজিট- বিআরটি প্রকল্প নিয়ে অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে।

এইচ টি ইমামের প্রশংসা

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহিদ মিনারে প্রধানমন্ত্রীর সদ্যপ্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, তার মতো কর্মপাগল ও কর্মনিষ্ঠ মানুষ সমাজে বিরল। হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তিনি দেশের জন্য কাজ করে গেছেন।