এক বন্দিকে নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলারসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে গতকাল বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন নির্যাতনের শিকার রূপম কান্তি নাথের স্ত্রী ঝর্ণা রাণী দেবনাথ। মামলার এজাহারে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ করা হয়েছে। মামলার অন্য দুই জন আসামি হলেন সাতকানিয়ার মৌলভির দোকান এলাকার রতন ভট্টাচার্য এবং জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জন। এছাড়া কয়েক জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, জেল সুপার, জেলারসহ চার জনের বিরুদ্ধে মামলায় আনা অভিযোগ তদন্তের আদেশ দিয়েছেন বিচারক।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, এজাহারভুক্ত আসামি রতন ভট্টাচার্যের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় (জিআর মামলা নম্বর ৩৩২/১৮) গত বছরের ১৫ ডিসেম্বর কারাগারে যান রূপম কান্তি দেবনাথ। চলতি বছরের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি আসামিরা পরস্পর যোগসাজশে রূপমকে (বাদীর স্বামী) অন্যায়ভাবে বিচারাধীন মামলায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের জন্য এবং স্থায়ীভাবে মানসিক ভারসাম্যহীন করার জন্য শারীরিক নির্যাতন, বিষাক্ত নেশাজাতীয় দ্রব্য পুশ ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করেছেন।
এজাহারে আরো অভিযোগ করা হয়, নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রূপম কান্তি নাথের উন্নত চিকিত্সার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী। আদালত আবেদনটি মঞ্জুরও করেন। আসামিরা নিজেদের অপরাধ ঢাকতে রূপম কান্তি নাথকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন। গত বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ১০ হাজার টাকা বন্ডে তাকে জামিন দেন। কিন্তু যথাসময়ে জামিননামা দাখিল না করায় গতকাল বৃহস্পতিবার তার জামিন বাতিল করা হয়। জামিন বাতিলের বিষয়টি নিশ্চিত করেন মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
