অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারকে সরাতে হবে এ কারণে যে, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, এ সরকারের কোনো বৈধতা নেই। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন হবে। আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। এ সরকারকে আবারও বলছি, অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।
গতকাল বৃহস্পতিবার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু এবং নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য দেন।
মির্জা ফখরুল বলেন, লেখক মোশতাক আহমেদকে ডিজিটাল সিকিউরিটি আইনে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনে প্রায় ৭০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে। শুধু সরকারের সমালোচনা করে কার্টুন বা লেখার কারণে সাত বছরের শিশু থেকে শুরু করে গৃহবধূকেও গ্রেফতার করা হয়েছে। এ সমাবেশ থেকে ডিজিটাল সিকিউরিটি আইনে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তি দাবি করছি। যুবদল, ছাত্রদলের যেসব নেতাকর্মীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে, তাদের মুক্তি দাবি করছি। গত ২৮ তারিখে এখানে সমাবেশে পুলিশি হামলা চালিয়ে আমাদের যেসব নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং অমানবিক নির্যাতন করছে, তাদের অবিলম্বে মুক্তি দাবি করছি।
