সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে গতকাল বৃহস্পতিবার ভাসানচরে গেলেন আরো ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের বহনকারী নৌবাহিনীর পাঁচটি জাহাজ চট্টগ্রাম থেকে সকালে রওয়ানা হয়ে বৃহস্পতিবার দুপুর ২টার সময় হাতিয়ার ভাসানচরে পৌঁছায়। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌ-বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
গতকাল যাওয়া ১ হাজার ৭৫৯ রোহিঙ্গার মধ্যে নারী ৫১৫ জন, পুরুষ ৪৪৮ জন ও শিশু ৭৯৬ জন। পঞ্চমধাপের প্রথম পর্যায়ে গত বুধবার ভাসানচরে যান ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা। এ নিয়ে এ পর্যন্ত মোট ১৩ হাজার ৭২৩ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছাল।
ভাসানচরে যাওয়া রোহিঙ্গা দলটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় আশ্রয়ন প্রকল্পের ওয়্যার হাউজে। সেখানে নৌ-বাহিনীর সদস্যরা তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে ধারণা দেন। ওয়্যার হাউজে তাদেরকে দুপুরের খাওয়ানো হয়। পরে বিকালে তাদেরকে তাদের জন্য তৈরি আবাসস্থল বুঝিয়ে দেওয়া হয়।
