পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারের একটি দোকানে মোড়ক পরিবর্তন করে অন্য নামে বস্তাজাত করার সময় ১৬৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঐ দোকান মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের ঐ দোকানে অভিযান চালানো হয়। সেখানে দরিদ্রদের জন্য ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’— স্লোগান সংবলিত ৩০ কেজি ওজনের সরকারি চালের বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্র্যান্ড নামের নিজস্ব মোড়কে এক নম্বর মিনিকেট চাল হিসেবে ৫০ কেজির বস্তায় ভরা হচ্ছিল। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার-(ভূমি) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি হাতেনাতে ধরে ফেলে। দোকানের মালিককে খবর দিলে তিনি ঘটনাস্থলে না আসায় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় জনতার উপস্থিতিতে মোট ১৬৩ বস্তা চাল জব্দ করা হয়।
স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ঐ দোকানের মালিক মো. আলমগীর কবিরাজ দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা ছাড়াও অন্যান্য জেলা-উপজেলার টিআর, কাবিখা ছাড়াও সরকারি সুবিধাভোগী বিভিন্ন মানুষের চাল কম মূল্যে ক্রয় করে কিছু মিনিকেট চাল মিশিয়ে নুরজাহান ব্র্যান্ড নামের বস্তায় ভরে এক নম্বর মিনিকেট চাল বলে বেশি দামে বিক্রি করে আসছিলেন।
ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সরকারি চাল জব্দ করা হয়েছে এবং থানার উপ-পরিদর্শক ইদ্রিস বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে রাতেই একটি মামলা করেছেন।
