ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে খুলনা বরিশালে সমাবেশ

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২৩:০০

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার খুলনা ও বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করা হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয় এসব সমাবেশ থেকে। ব্যুরো অফিস থেকে পাঠানো খবর—

বরিশাল : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন বরিশাল বিএম কলেজ শাখার সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নিলু, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক অদিতী দাস, ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. মুন্না প্রমুখ। এ সময় বক্তারা কার্টুনিস্ট কিশোরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

খুলনা : রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, গ্রেফতারকৃত সাত ছাত্রনেতা ও শ্রমিকনেতা রুহুল আমিনের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনায় সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। নগরীর পিকচার প্যালেস মোড়ের সিপিবি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নগরীতে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করা না হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল। বক্তৃতা রাখেন খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাশ, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি মোজাম্মেল হক খান ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য মোস্তফা খালিদ খসরু।