মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সার্কিট হাউজে তদন্ত কার্যক্রম চলে। এই সময় কালকিনি পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ তার বক্তব্য পেশ করেন বলে জানা গেছে। আজ শুক্রবার সার্কিট হাউজে সকাল ১০টায় দ্বিতীয় দিনের তদন্ত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান তদন্ত কার্যক্রম শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন।
কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে নির্বাচন কমিশন ১৮ ফেব্রুয়ারি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এর প্রধান হলেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ কে এম হুমায়ুন কবীর। কমিটির অপর দুই সদস্য হলেন নির্বাচন কমিশনের শৃঙ্খলা ও আপিল বিভাগের উপসচিব খোরশেদ আলম এবং আইন বিষয়ক-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আবু ইব্রাহিম।
