বরিশালে মানব পাচার মামলায় দুই জনের কারাদণ্ড

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২৩:০১

বরিশালে একটি মানব পাচার মামলার রায়ে দুই জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বরিশাল জেলার মুলাদি উপজেলার কাজীরচর এলাকার আবদুল জলিল সরদার এবং ঢাকার বনানীর মেসার্স সানলাইট এন্টারপ্রাইজ নামক ট্রাভেল এজেন্সির মালিক মো. আনিছুর রহমান। খালাসপ্রাপ্তরা হলেন, দণ্ডপ্রাপ্ত জলিল সরদারের স্ত্রী রাশিদা এবং জেসমিন আক্তার।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৫ সালে মুলাদীর কাজীরচর এলাকার আবদুল জলিল পার্শ্ববর্তী খালাসীর চর এলাকার জনৈক আবুল কালাম ওরফে মিজানুর রহমানকে পাঁচ লাখ টাকার চুক্তিতে লিবিয়া পাঠানোর কথা বলে সুদান পাঠিয়ে দেয়। সেখানে পৌঁছে বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬৫ জনকে বিপদগ্রস্ত অবস্থায় দেখতে পান আবুল কালাম। সেখান থেকে ট্রাকে তাকেসহ অন্যদের লিবিয়া পাঠানো হয়। লিবিয়া পৌঁছার পর দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয় কালামের পরিবার থেকে। পরে তাকে ছেড়ে দেওয়া হলে লিবিয়া পুলিশ কালামকে গ্রেফতার করে। লিবিয়ায় কর্মরত মুলাদীর আবদুল বারেক খান কালামকে পুলিশ হেফাজত থেকে মুক্ত করে দেশে পাঠিয়ে দেন।