টেকনাফে দুই কেজি ‘আইস’সহ যুবক আটক

আপডেট : ০৪ মার্চ ২০২১, ২৩:০১

কক্সবাজারের টেকনাফে প্রাণঘাতী ভয়ঙ্কর মাদক ‘আইস’সহ বুধবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দকৃত আইসের পরিমাণ দুই কেজি। উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সীমান্ত জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা। গ্রেফতারকৃত মো. আবদুল্লাহ (২৮) জাদিমুড়া এলাকার গোলাম নবীর ছেলে। এসময় আবদুর রহমান নামে তার এক ভাই পালিয়ে যায়। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। হ্নীলায় উদ্ধার হওয়া দুই কেজি ‘আইস’ এখন পর্যন্ত এই মাদকটির সবচেয়ে বড় চালান। এর আগে ঢাকায় ৬০০ গ্রাম ‘আইস’ জব্দ করা হয়েছিল। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে।

জব্দকৃত আইসের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। গ্রেফতারকৃত ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ইন্সপেক্টর জিল্লুর রহমান।