প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর মধ্যে সমস্যা থাকতেই পারে। কিন্তু সেগুলো আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করা উচিত। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামনিয়াম জয়শংকর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় তার প্রশংসা করেন। জয়শংকর বলেন, এটি একটি বিশাল অর্জন, বাংলাদেশের উন্নয়ন অভূতপূর্ব। জয়শংকর প্রধানমন্ত্রীকে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে যোগদানের লক্ষ্যে বাংলাদেশ সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উত্সব উদ্যাপনে যোগদান ভারতের জন্য একটি বিরাট সম্মানজনক বিষয়।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাব সম্পর্কে ভারতীয় মন্ত্রী বলেন, এ মহামারির কারণে এতদাঞ্চলের আমরা সবাই সংকটের মুুখোমুখি। তিনি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করার ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী এসময় কোভিড-১৯ এর ভ্যাকসিন সহায়তার জন্য ভারতের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী পাকিস্তানি গোয়েন্দা বিভাগের সিক্রেট ডকুমেন্টের সাতটি ভলিউম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উপহার দেন। ভারতের মন্ত্রী তার বাবা ভারতের সিভিল সার্ভেন্ট কে সুব্রামনিয়াম লিখিত ‘লিবারেশন ওয়ার অব বাংলাদেশ’সহ দুটি গ্রন্থ প্রধানমন্ত্রীকে উপহার দেন।
