রাজধানীর সড়কে পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন যাত্রাবাড়ীতে আব্দুল কাদির (৬০), শ্যামপুরে প্রসেনজিত ও খিলক্ষেতে আসিফ আব্দুল্লাহ হেলাল (৪২)। গত বুধবার দিবাগত রাত ও গতকাল বৃহস্পতিবার ঘটনাগুলো ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
নিহত কাদিরের ভাগিনা মো. আলাউদ্দিন জানান, গতকাল কাজলা ভাঙ্গাপ্রেস এলাকা থেকে ছাগল কিনে বাসায় ফেরার সময় একটি মোটরসাইকেলের চাপায় মারা যান কাদির। ঘটনাস্থলে মারা যায় ছাগলটিও। এ ঘটনায় মোটরসাইকেলের চালক রাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্যামপুর থানার এসআই আমিরুল ইসলাম জানান, নিহত প্রসেনজিত কেরানীগঞ্জ পশ্চিমদি বাবু রায়পাড়ার বাসিন্দা। দুই বছর ধরে তিনি পোস্তগোলা ব্রিজে টোল আদায়ের কাজ করছেন। বুধবার রাতে মাওয়া থেকে ঢাকাগামী একটি বড় লরির টোল আদায়ের সময় চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। চালক লরিটি চালাতে থাকলে সেটি ধরে ঝুলে ছিলেন প্রসেনজিত। পরে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত লরি থেকে পড়ে নিহত হন।
এদিকে গতকাল ভোরে গাড়ির ধাক্কায় খিলক্ষেত ৩০০ ফুট এলাকার ৭১ সিকিউরিটি ফোর্স লিমিটেডের ইনচার্জ আসিফ নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে এক সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। নিহতের ছোট বোন নাসরিন আক্তার মৌসুমী জানান, তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামে। বাবার নাম মৃত আব্দুল করিম। এক ছেলের জনক ছিলেন আসিফ।
