এবার না হলেও সামনের বছর হবে জয় বাংলা কনসার্ট ----- রাদওয়ান মুজিব সিদ্দিক

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০০:৪৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে এবার জয় বাংলা কনসার্টের আয়োজন করা না গেলেও আগামী বছর ‘আরো বড় ও সরবভাবে’ এ কনসার্ট হবে। সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘এবার কনসার্ট হবে না, তবে আমরা আশা করছি ২০২২ সালে ফিরে আসব।’

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলার তত্ত্বাবধানে ‘জয় বাংলা কনসার্ট’ হয়ে আসছে। ২০১৫ সাল থেকে প্রতি বছর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট হয়ে আসছিল। একাত্তরের যুদ্ধ দিনের অনুপ্রেরণা জোগানো গানগুলো এ কনসার্টে ফিরিয়ে আনা হয় তরুণদের কণ্ঠে। প্রতি বছর কয়েক লাখ তরুণ অনলাইনে ও সরাসরি কনসার্ট উপভোগ করতেন।

রাদওয়ান তার ফেসবুকে ইয়াং বাংলার পেইজের একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে ২০১৫ সালের কনসার্টের ৫ মিনিটের একটি ভিডিও রয়েছে। ইয়াং বাংলার ঐ পোস্টে লেখা হয়েছে, ‘চলুন দেখি কেমন ছিল ২০১৫ সালের জয় বাংলা কনসার্ট এবং সপ্তাহজুড়ে আমরা দেখব বিগত জয় বাংলা কনসার্টের অংশবিশেষ।’ রাদওয়ান মুজিব তার স্ট্যাটাসে গত ছয় বছরের কনসার্ট ফিরে দেখা এবং ৭ই মার্চ নিয়ে বিশেষ অনুষ্ঠানের যে পরিকল্পনা করা হয়েছে তা দেখতে ইয়াং বাংলার ফেসবুক পেইজে নজর রাখতে অনুরোধ করেছেন।