অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রপ্তানি বন্ধ করার পরও ইতালির ওপর ক্ষুব্ধ হননি অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন। শুক্রবার (৫ মার্চ) তিনি এ কথা জানিয়ে ইতালির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, একাধিক মাধ্যমে বিষয়টি নিয়ে ইইউ'র সঙ্গে যোগাযোগ করেছে অজিরা।
দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ইতালিতে প্রতিদিন ৩০০ লোক মারা যাচ্ছে। তাই আমি তাদের উদ্বিগ্নতার মাত্রা বুঝতে পারছি। তবে এই নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার টিকাদান কর্মসূচিতে খুব বেশি সমস্যা সৃষ্টি করবে না বলেই ভাবছে অস্ট্রেলিয়া।
অ্যাস্ট্রাজেনেকা ইইউ সদস্য দেশগুলোতে টিকা সরবরাহের যে অঙ্গীকার করেছিল, তার মাত্র ৪০ শতাংশ এ বছরের প্রথম তিন মাসে সরবরাহ করতে যাচ্ছে। জানুয়ারিতে ইতালির তখনকার প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে টিকা সরবরাহে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের বিলম্বকে 'অগ্রহণযোগ্য' আখ্যায়িত করে কোম্পানি দুটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন। পরে শুক্রবার এক ঘোষণায় অস্ট্রেলিয়ায় এ ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয় ইতালি।
টিকাদানে ধীরগতির জন্য ইউরোপীয় ইউনিয়নকে তীব্র সমালোচনার মুখ পড়তে হচ্ছে। তবে ইতালির এই পদক্ষেপ সম্পর্কে ইইউ বা অ্যাস্ট্রাজেনেকার দিক থেকে কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
ইত্তেফাক/এসএ
