ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সিটি লিভারসিজ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস ভরা নিয়ে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক সিএনজি অটোচালকের মৃত্যু হয়েছে। নিহত সিএনজি অটোচালক জলিল মিয়া (২৬) আলীনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় এ ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদে ও আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে শুক্রবার সকাল ১০টা থেকে শমশেরনগর-শ্রীমঙ্গল সড়ক অবরোধ করেন স্থানীয় সিএনজি-অটোচালক সমিতি ও গ্রামবাসী। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের শেষে পুলিশ প্রশাসন ও আলীনগর ইউপি চেয়ারম্যান আসামিকে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় বেলা ১২টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
জানা যায়, শমশেরনগর বড়চেগ এলাকায় সিএননজি ফিলিং স্টেশনে আগে গ্যাস ফিলিং করতে কারের লাইনে চলে যায় সিএনজি অটোচালক জলিল মিয়া (২৬)। এ নিয়ে গ্যাস ভরতে আসা একটি প্রাইভেটকারের চালক ও মালিকের সঙ্গে জলিলের তর্কাতর্কি হয়। পরে প্রাইভেটকারচালকের সমর্থকরা এসে জলিলকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিত্সা শেষে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজেদুল কবির বলেন, অটোচালকের দেহে কয়েকটি ছুরিকাঘাত ছিল। আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাহ বলেন, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দঃখজনক। ফিল্মি কায়দায় একদল যুবক প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, সিএনজি অটোচালক জলিলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসার পর তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
