দিনাজপুরে মুকুলে ছেয়ে গেছে আমবাগান

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩২

মতিউর রহমান, স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে মুকুলে ছেয়ে গেছে আমগাছগুলো। দিনাজপুর জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, অনুকূল আবহাওয়া বিরাজ করলে এবার আমের ভালো ফলন হবে। এ জন্য বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। গতকাল বুধবার সকালে দেখা যায়, সদর উপজেলার কসবা এলাকায় বেশ কয়েকজন শ্রমিক নিয়ে বাগান পরিচর্যায় ব্যস্ত রুবেল ইসলাম নামের এক বাগান ব্যবসায়ী। তিনি জানান, পাঁচ বছরের জন্য একটি আমের বাগান লিজ নিয়েছেন। গত বছর করোনা পরিস্থিতির জন্য আশানুরূপ দাম পাননি। এবার গাছে যে পরিমাণ মুকুল এসেছে, তাতে ভালো ফলনের আশা তার। পাকেরহাট গ্রামের আমচাষি মমিনুল ইসলাম বলেন, ‘এ বছর আমগাছ মুকুলে ছেয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে বিগত সময়ের চেয়ে এ বছর ফলন ভালো হবে।’

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তৌহিদুল ইকবাল জানান, এখন আর আমের ‘অন-ইয়ার’ বা ‘অফ-ইয়ার’ নেই। আমগাছে এ বছর প্রচুর মুকুল আসার কথা উল্লেখ করে তিনি বলেন, অনুকূল আবহাওয়া থাকলে এবার দিনাজপুর জেলায় আমের বাম্পার ফলন হবে। দিনাজপুর জেলায় ৫ হাজার হেক্টরেরও বেশি জমিতে আমের বাগান রয়েছে এবং প্রাকৃতিক কোনো প্রতিকূল অবস্থার সৃষ্টি না হলে এই জেলায় এবার ১ লাখ মেট্রিক টনেরও বেশি আম উত্পাদন হবে।

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে মুকুল

এদিকে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার পাঁচ উপজেলায় গাছে গাছে এখন আমের মুকুল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে, জেলায় এবার ৩৪ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আমচাষ হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ইতিমধ্যে শতকরা ৯৯ ভাগ আমগাছে মুকুল ফুটেছে। এবার আম উত্পাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই লাখ টন। উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েও যেতে পারে।