মোংলায় কয়লাবাহী জাহাজডুবি
মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধারের কাজ শুক্রবারও শুরু হয়নি। ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত শনিবার রাত ১১টার দিকে পশুর চ্যানেলের কানাইনগর-বানীশান্তা এলাকায় তলা ফেলে ডুবে যায় জাহাজটি। দুর্ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেলে জাহাজটিতে থাকা কয়লা অপসারণ ও জাহাজ উদ্ধারকাজ শুরু করতে পারেনি মালিকপক্ষ। তবে মালিকপক্ষ বলছে, প্রাথমিক পর্যায়ে ডুবন্ত জাহাজের ভেতর থেকে কয়লা উত্তোলন করতে হবে, পরে খালি হলে জাহাজটি তোলা হবে। কয়লা উত্তোলনের জন্য একটি ক্রেন আনা হলেও সেটি ছোট ও ক্ষমতা কম হওয়ায় সেটি বাদ দিয়ে বড় এবং বেশি ক্ষমতা সম্পন্ন ক্রেন আনা হচ্ছে। যার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তবে কবে নাগাদ কাজ শুরু করতে পারবেন তা নিশ্চিত করতে পারেনি মালিকপক্ষ প্রতিনিধি ডুবন্ত কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী। পশুর চ্যানেলে ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধারের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের নিদের্শনা জানতে হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি কার্গো জাহাজ এম ভি বিবি-১১৪৮ বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত ১১টার দিকে পশুর নদের বানীশান্তা ও কানাইনগর এলাকায় তলা ফেটে জাহাজটি ডুবে যায়। তবে সে সময় জাহাজের মাস্টারসহ ১২ জন নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
