মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে রাত জেগে পাহারা দিয়েও গরু চুরি ঠেকানো যাচ্ছে না। গত পাঁচ দিনের ব্যবধানে চার বাড়িতে ১০টি গরু চুরি হয়েছে। শুক্রবার ভোররাতে পৌরসভার বাইমহাটি আদালতপাড়া গ্রামে জগদীস সরকারের বাড়িতে চারটি গরু চুরি হয়েছে। এর আগে রবিবার গোড়াই ইউনিয়নের রহিমপুর গ্রামে এক রাতে তিন বাড়িতে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
জগদীস সরকার অভিযোগ করেন, ভোররাতে তার বাড়ি থেকে চারটি গরু চুরি হয়েছে। চার গরুর মূল্য প্রায় ৫ লাখ টাকা। তিনি মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন অভিযোগ করেন, বিভিন্ন গ্রামে প্রতিনিয়তই গরু চুরি হচ্ছে। গরু চুরি প্রতিরোধের জন্য ইতিপূর্বে প্রশাসনকে তিনি লিখিত অভিযোগ করেছেন। রাত জেগে পাহারা দিয়েও তারা গরু চুরি ঠেকাতে পারছেন না। এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু বলেন, গরু চুরি ঠেকাতে এবং অপরাধীদের ধরতে পুলিশ প্রশাসন তত্পর রয়েছে।
