সূর্যমুখী চাষ করে লাভের স্বপ্ন কৃষকের

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৩

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচিতে সূর্যমুখী ফুল চাষ করে লাভের স্বপ্ন দেখছেন কৃষক রুবেল হোসেন। চলতি মৌসুমে তিনি এক বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। ইতিমধ্যেই গাছে ফুল ধরতে শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, রুবেলের জমিতে এক একটি ফুল যেন হাসিমুখে সূর্যের আলো ছড়াচ্ছে। চারদিকে হলুদ ফুল আর সবুজ গাছের অপরূপ দৃশ্য। এ সৌন্দর্য দেখতে আশপাশের এলাকা থেকেও তার ভিড় জমাচ্ছেন অনেকেই। বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতী গ্রামের রুবেল হোসেন ব্যবসার পাশাপাশি কৃষি কাজও করেন। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ পেয়ে চলতি বছর এক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। রুবেল হোসেন জানান, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে এক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ শুরু করেছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে আশা করছেন ভালো আয় হবে।

বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রশাদ পাল জানান, বেলকুচিতে এই প্রথম সূর্যমুখীর চাষ শুরু করা হয়েছে। উপজেলা থেকে ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে ৩০০ বিঘা জমিতে সূর্যমুখী চাষ করা হবে। কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। কৃষকদের স্বাবলম্বী করতেই সূর্যমুখী ফুল চাষে উত্সাহিত করা হয়েছে। যদি সফল হওয়া যায় আগামীতে চাষ অনেক বাড়বে।