বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
বোরহানউদ্দিনে এবার আলুর ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে পাইকারি বাজারে দাম কম থাকায় কৃষকরা হতাশ হচ্ছেন। অথচ খুচরা বাজারে আলুর দাম কম নয়।
উপজেলার কুতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক নীরব মোল্লা জানান, এ বছর তিনি দুই একর জমিতে আলু চাষ করেন। ফলনও ভালো হয়েছে। একরপ্রতি তার উত্পাদন প্রায় ৪০০ মণ। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ টাকার মতো। আর উত্পাদন খরচ একরপ্রতি ১ লাখ ২৫ হাজার টাকা। একরপ্রতি আলুতে লাভ হয় ৭৫ হাজার টাকা।
উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান রনি বলেন, এ বছর লক্ষ্যমাত্রার বেশি আলুর আবাদ ও বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, চলতি বছর রোগবালাই কম থাকা এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আলু ৯১ জাত (ক্যারোলাস) চাষ করায় আবাদ বেশি ও বাম্পার ফলন হয়েছে।
