টিলা কাটার অপরাধে ভূমির মালিককে জরিমানা

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৪

সিলেট অফিস ও দক্ষিণ সুরমা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার তাওসী রিসোর্টের পিছনের টিলা কাটার অপরাধে ভূমির মালিক সুভাষ ধরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা ও শ্রীমঙ্গল থানার এসআই কামরুল হাসান।

সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন বলেন, টিলা কাটা ও পরিবেশ আইন লঙ্ঘন করে যারা এ ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।