খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা
খুলনায় সড়ক দুর্ঘনায় আহসান হাবিব মিঠু নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌঁনে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জোয়ারের বিলনামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব মিঠু সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি খুলনায় রোহান শিপিং কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করতেন।
ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক নাসিরউদ্দিন মজুমদার জানান, আহসান হাবিব মিঠু খুলনা মহানগরীর টুটপাড়ার বাসা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের জোয়ারের বিলনামক স্থানে ওভারটেক করার সময় যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী অপর একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহসান হাবিব মিঠুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
