সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দীন মোজাক্কির হত্যার প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শুক্রবার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। জেলার শতাধিক সাংবাদিক এ মানববন্ধন করে। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে সাংবাদিক আতিয়ার রহমান, আওয়াল হোসেন, জামাল উদ্দিন, মতিয়ার রহমান, মনিরুজ্জামান সুমন, আরিফ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। ঘণ্টাব্যাপী প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক হানিফ মণ্ডল।
দাশুড়িয়ায় বিট পুলিশিং সমাবেশ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীর দাশুড়িয়ায় শুক্রবার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও গুজববিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিট নং-৭-এর আয়োজনে দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ।
দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে শুক্রবার দুই দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। বালিয়াকান্দি সদর ইউনিয়নের মীরবাড়ী প্রাঙ্গণে মীরবাড়ী চেরীবাগ জামে মসজিদ ও দাওয়াহ সেন্টার কমিটি এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ইসলামিক সেন্টারের আয়োজনে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়। ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ ডা. জামসেদ ফরিদি (জামি), ডা. মাকসুদা ইয়াসমিন মিতু, ডা. নিউটন সিকদার, ডা. খালেদ ইসমাইল, ডা. নাজমুল নাঈম, ঢাকা, ফরিদপুর ও কুষ্টিয়ার বিশেষজ্ঞ চিকিত্সকরা বিভিন্ন রোগের চিকিত্সাসেবা দেন।
তিন দিনব্যাপী লালন স্মরণ উত্সব শেষ আজ
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা হরিণাকুণ্ডুতে লালনের জন্মভূমি হরিশপুর গ্রামে তিন দিনব্যাপী লালন স্মরণ উত্সব আজ শনিবার শেষ হবে। বৃহস্পতিবার বিকালে উত্সবের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উপজেলার হরিশপুর লালন একাডেমিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে স্মরণ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী প্রমুখ।
রাস্তার নির্মাণকাজ উদ্বোধন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর পৌরসভায় চারটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নারিকেলপাড়া মহল্লার ডিএ জয়েন উদ্দিন স্কুলের পাশে নির্মাণকাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো। নগর উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভার নারিকেলপাড়া, আফ্রাতপাড়া ও কাজীপাড়া মহল্লায় চারটি রাস্তার কাজ করা হচ্ছে।
