স্বাধীনতার ৫০ বর্ষপূর্তিতে অর্ধশত শিল্পীর সুরের সম্মিলন!

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৩৬

তারিফ সৈয়দ

 

স্বাধীনতার ৫০ বর্ষপূর্তিতে দেশব্যাপী নানা উত্সব আয়োজন চলছে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম বৃহত্ শিল্পী সম্মিলন করলো গানবাংলা। গতকাল সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে দেশের প্রায় তাবত্ তারকাদের নিয়ে সুরে সুরে সম্মিলিত দেশের গান ধারণ করলো তারা।

কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নির পরিচালনায় এই অনবদ্য আয়োজনে দেশের অর্ধশত শিল্পী ছিলেন গতকাল সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণে। দিনব্যাপী ধারণ করা হয় এই বিশেষ গানের আয়োজনটি। পুরো আয়োজনের বিস্তারিত অফিসিয়ালি গানবাংলা কর্তৃপক্ষ পরে জানাবে বলেই আপাতত গোপন রাখতে চেয়েছে। তবে অবারিত সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এত বড় উচ্ছ্বাসের খবর তো আর গোপন থাকে না। তাই একাধিক শিল্পীর টাইমলাইনে প্রকাশ পেতে থাকে উচ্ছ্বাসের গল্প।

কণ্ঠশিল্পী রবি চৌধুরী বলেন, ‘স্বাধীনতার অর্ধশত বর্ষপূর্তির অনেক আয়োজনেই অংশ নিচ্ছি। তবে তাপসের এই আয়োজনে দিনব্যাপী যে গানটি ধারণ করা হলো, তা সত্যিই অনবদ্য। সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন পর আমরা এতজন শিল্পী একত্রিত হলাম। দারুণ ভালো লাগলো। কারণ করোনার কারণে আমাদের পারস্পরিক যোগাযোগ সবই ভার্চুয়ালি চলছিল। অবশেষে এই আয়োজনটি আমাদের এক করলো। দেশের জন্য যেকোনো কাজেই আনন্দ পাই এবং গর্ববোধ করি একজন শিল্পী হিসেবে।’

উল্লেখ্য, এদেশে গান নিয়ে একাধিক চমক লাগানো আয়োজন সবসময়ই গানবাংলা করে এসেছে। তবে করোনাকালীন গানবাংলা কার্যালয়ে মাঝরাতে শিল্পীদের সম্মিলনে আড্ডা আর গানের আসরটিও দর্শকদের দারণ এক কৌতুহলের জায়গা তৈরি করেছে। সম্প্রতি এমনই এক রাতের গানাড্ডা লাইভ অর্গানিক ভিউতে ১ কোটি দর্শকের মাইলফলক ছুঁলো!

দিনটি ছিল গত ২৩ ফেব্রুয়ারি। এদিন রাত ১টায় লাইভে আসে ‘গানবাংলা ও তাপস’। হামিন আহমেদ, মিজান, আরফিন রুমি, অটামনাল মুন, পারভেজ, অদিত, ঐশী, রেশমি, লুইপা, ডোরা, দোলা, তাশফি, র্যাপার এবিডি ও শামীম হাসানের গান-বাদ্যের ক্ষেপামোর সঙ্গে তাল মেলালেন শ্রোতারাও।

মাত্র এক সপ্তাহের ব্যবধানেই ১ কোটি দর্শক দেখেছে এই গানের আসর। ভাইরাল হয়ে যাওয়া দুটি ভিন্ন পোস্টে কোটি অর্গানিক ভিউয়ের পাশাপাশি লক্ষাধিক কমেন্ট ও ২০ হাজারের বেশি শেয়ার হয়েছে, যা এখনো চলমান। এটিকে সংগীতাঙ্গনের জন্য একটি রেকর্ড হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

গানবাংলার এমন আড্ডায় প্রায় নিয়মিতই উপস্থিত থাকেন ব্যান্ডতারকা হামিন আহমেদ। তিনি বলেন, ‘দর্শকের দিক থেকে বলতে গেলে একসঙ্গে এতজন শিল্পী ক্যাজুয়ালি বসে গান গাইছে তা বাংলাদেশে কখনো দেখেনি। তারা তো সবসময় সাজানো অনুষ্ঠান দেখে অভ্যস্ত। এখানে সম্পূর্ণ তার বিপরীত এবং বিরল অভিজ্ঞতা হচ্ছে। পরিচিত ও জনপ্রিয় শিল্পীরা একত্রিত হচ্ছে। এর গান ও গাইছে, তার গান সে গাইছে-এমনটা শুনতে পেরে দর্শকরাও সাদরে গ্রহণ করছেন। যার ফলে এ রেকর্ডটা হয়েছে। এটা আমাদের সংগীতাঙ্গনে আগে হয়নি। ইন্ডাস্ট্রির প্রেক্ষিতেও সবার প্রতি সম্মান রেখেই বলছি, যখন প্রতিদিন একটি করে মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে, তার পাশাপাশি এটাও হয়তো দর্শকদের কোথাও না কোথাও খুব আন্দোলিত করছে, যা খুবই ভিন্নরকম একটি মাত্রা যোগ করেছে।’