বিনোদন ডেস্ক
টলিউড অভিনেতা-অভিনেত্রীদের নির্বাচনে অংশগ্রহণ নতুন কিছু নয়। প্রতিবছরই তারকাদের প্রার্থী হওয়ার সংখ্যা বাড়ছে। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। গতকাল তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। সেই তালিকায় স্থান পেয়েছেন কলকাতার টলিউডের একঝাঁক অভিনয়শিল্পী ও পরিচালক। ভারতের গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণে নির্বাচন করবেন তিনি। এছাড়া জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী নির্বাচন করবেন ব্যারাকপুর এলাকা থেকে। আলিপুরদুয়ারে প্রার্থী হচ্ছেন টেলিভিশন অভিনেতা সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কীর্তন শিল্পী অদিতি মুন্সি রাজারহাট-গোপালপুর আসনে, অভিনেতা সোহম চক্রবর্তী চণ্ডীপুর থেকে, চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে কৃষ্ণনগর উত্তরে এবং অভিনেতা কাঞ্চন মল্লিক উত্তরপাড়া আসন থেকে নির্বাচন করবেন।
