বিনোদন প্রতিবেদক
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা জামান নিয়মিত কাজ করছেন মিউজিক ভিডিও, নাটক ও চলচ্চিত্রে। এরইমধ্যে নিজের মেধা ও অভিনয় দিয়ে দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। পরিচালক-প্রযোজকদের কাছেও আস্থার জায়গায় নিজেকে নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় একাধিক ছবিতে কাজ করছেন ছোটপর্দা থেকে আসা এই অভিনেত্রী। ‘তবুও প্রেম দামি’, ‘কী করে বলবো প্রিয়তমা’ ও ‘যন্ত্রণা’ শিরোনামের ছবিগুলোতে দেখা যাবে তাকে। দীর্ঘদিন ছোটপর্দা নিয়ে ব্যস্ত থাকা প্রিয়াংকার চলচ্চিত্রে অভিনয় ও ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে অনেক আগে থেকেই চলচ্চিত্রে অভিনয়ের অফার পাচ্ছিলাম। তবে সেগুলো ফিরিয়ে দিয়েছিলাম। আমি নিজেকে চলচ্চিত্রের জন্য প্রস্তুত করেই আসতে চেয়েছিলাম। এখন মনে হলো সেই প্রস্তুতিটা অনেকটাই হয়ে গেছে বা নিজেকে সেভাবে তৈরি করতে পেরেছি, তাই বড়পর্দায় যুক্ত হলাম। বর্তমানে ৩টি ছবির কাজ করছি। এর মধ্যে অপূর্ব রানার পরিচালনায় যন্ত্রণা ছবিতে বাপ্পী চৌধুরী, আমান রেজার সঙ্গে স্ক্রিণ শোয়ার করবো। ছবিটি মূলত দুজন পুলিশ অফিসারকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। যার একজনের ভূমিকায় আমি অভিনয় করছি। ছবির গল্প অনেক মজার। ছবিটির নাম যেমন যন্ত্রণা তেমনি কাজ করতে গিয়েও যন্ত্রণা পাচ্ছি। আশা করছি দর্শকদের হতাশ হতে হবে না ছবিটি দেখে।’
অনেকেই বলেন ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে সেভাবে কেউ নিজের অবস্থান তৈরি করতে পারেন না। আচমকা এসে আচমকাই আড়ালে চলে যান। আবার অনেকেই নিজের প্রজ্ঞা আর অভিনয়ে শক্ত অবস্থা তৈরি করেন। এ বিষয়ে প্রিয়াংকা বলেন, ‘কে কী বললো সেটা নিয়ে আমি ভাবি না। আমি আমার কাজ দিয়ে নিজেকে চেনাতে চাই। নিজেকে তৈরি করেই চলচ্চিত্রে এসেছি। ঝরে যেতে আসিনি। যদি ধৈর্য ধরে সততা আর পরিশ্রম দিয়ে কাজ করতে পারি তাহলে নিশ্চয় তাদের ভ্রান্ত ধারণার জবাব দিতে পারবো। আর আমি তো ছোটপর্দার অভিনেত্রী, সেখানেও নিয়মিত কাজ করবো। তবে আমি সব মাধ্যমেই নিজেকে দেখতে চাই। বলতে পারেন ভালো একজন অভিনেত্রী হতে চাই।’
