বেশ কয়েকবার করোনার কারণে অ্যানিমেটেড সিনেমা ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’-এর মুক্তির তারিখ পিছিয়ে গেলেও অবশেষে গতকাল মুক্তি পেয়েছে ওয়াল্ট ডিজনি স্টুডিওর এই সিনেমাটি। সারাবিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পেয়েছে কাঙ্ক্ষিত সিনেমাটি।
এর আগে ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’ সিনেমাটির ট্রেলার মুগ্ধ করে দর্শকদের। সিনেমাটির গল্পে দেখা যাবে, বহুকাল আগে কুমন্দ্রা নামের এক কাল্পনিক পৃথিবীতে মানুষ ও ড্রাগন মিলেমিশে বাস করতো। এক সময় অশুভ শক্তির হুমকিতে পড়ে সেই সভ্যতা। তখন মানুষকে বাঁচাতে নিজেদের জীবন উত্সর্গ করেছিল ড্রাগনরা। এর ৫শ’ বছর পর সেই একই শয়তান আবারো ফিরে আসে। এবার ভেঙে পড়া পৃথিবী ও বিচ্ছিন্ন মানুষদের এক করতে সর্বশেষ কিংবদন্তী ড্রাগনটিকে খুঁজে বের করার দায়িত্ব পড়ে রায়া নামের মেয়েটির ওপর। নির্ধারিত সময়ে মুক্তি দিতে না পারলেও সিনেমাটির সাফল্য নিয়ে বেশ আশাবাদী ডিজনি। অনেকদিন ধরেই দর্শকরা অপেক্ষা করছিল সিনেমাটির জন্য। দর্শকদের অপেক্ষার অবসানটা ভালোভাবে ঘটবে বলে বিশ্বাস তাদের।
