চট্টগ্রামে প্রথম ওয়ানডে পরিত্যক্ত

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৪৪

করোনা আক্রান্ত আইরিশ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

ম্যাচের বয়স তখন ৩০ ওভার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করা বাংলাদেশ ইমার্জিং দলের স্কোর চার উইকেটে ১২২ রান। তৌহিদ হূদয় ৪৪, শামীম পাটোয়ারি ২২ রানে ব্যাট করছিলেন। গতকাল স্বাগতিকদের চেপে ধরা আয়ারল্যান্ড উলভস ভালোই করছিল। কিন্তু দলটির ক্রিকেটার রুহান প্রিটোরিয়াসের করোনা পজিটিভ হওয়ার খবর তখনই আসে সাগরিকায়।

মুহূর্তেই বন্ধ হয়ে যায় আয়ারল্যান্ড উলভস-বাংলাদেশ ইমার্জিং দলের প্রথম ওয়ানডে। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ক্রিকেট আয়ারল্যান্ড গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই হচ্ছে সিরিজটা। গত বুধবার রুটিন মাফিক করোনা পরীক্ষার নমুনা দিয়েছে দুই দল। কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট আসে গতকাল ম্যাচ শুরুর পর। যেখানে রুহান প্রিটোরিয়াসের করোনা ধরা পড়ে। আক্রান্ত ক্রিকেটার ম্যাচে ৪ ওভার বোলিং করে ইয়াসির আলী রাব্বির উইকেটটি নিয়েছিলেন। ঐ ক্রিকেটারকে সঙ্গে সঙ্গেই আইসোলেশনে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে বদলি নামিয়ে খেলা চালিয়ে যাওয়ার চিন্তা করেছিল সফরকারী দল। পরে দুই দল সম্মিলিতভাবে আলোচনা শেষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।

ম্যাচ দেখতে গতকাল সকালেই চট্টগ্রামে যাওয়া জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, খবরটা পাওয়ার পর যারপরনাই বিস্মিত তারা। তিনি বলেছেন, ‘হঠাত্ই জানা গেল, ওদের একজন পজিটিভ। ম্যাচ শুরুর পর খবর এসেছে। ঐ ক্রিকেটারকে আলাদা করা হয়েছে।’

বিসিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরে আসার পর গত মাসেও এক আইরিশ ক্রিকেটারের পজিটিভ রিপোর্ট এসেছিল। তাকে ২৪ ঘণ্টা আইসোলেশনে রাখা হয়েছিল। পরের পরীক্ষায় আবার নেগেটিভ রিপোর্ট আসে। এবারও তেমন কিছুর আশঙ্কা করছেন ইমার্জিং দলের সংশ্লিষ্ট অনেকে।

করোনা পরীক্ষার রিপোর্ট দেরিতে আসায় বিরক্ত স্বাগতিক শিবিরের কেউ কেউ। কারণ রিপোর্ট আসতে ২৪ ঘণ্টারও বেশি সময় লেগে গেছে। খেলা শুরু হওয়ার পর রিপোর্ট পাওয়াটা বিব্রতকরই বটে।

আজ আবারও দুই দলের করোনা পরীক্ষা হবে। দ্রুত রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে বিসিবি। ঐ রিপোর্টের ফলাফলের ওপরই সিরিজের ভবিষ্যত্ নির্ভর করছে। সবকিছু ঠিক থাকলে সূচি অনুযায়ী চলবে সিরিজ। আগামীকাল (৭ মার্চ) একই ভেন্যুতে দুই দলের দ্বিতীয় ওয়ানডে খেলার কথা রয়েছে। ৯ মার্চ তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরে ঢাকায় ফিরে চতুর্থ, পঞ্চম ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচ খেলবে দুই দল।