পান্তের শতকে চালকের আসনে ভারত

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৪৪

স্পোর্টস ডেস্ক

রিসাব পান্তের হার না মানা আরেকটি টেস্ট শতকে ভর করে আহমেদাবাদের তীব্র গরমেও চালকের আসনে রয়েছে ভারত। সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে বেন স্টোকস কেন্দ্রিক ইংলিশ প্রতিরোধকে উপেক্ষা করে সাত উইকেট হারিয়ে ২৯৪ রান তুলেছে স্বাগতিকরা। বর্তমানে ইংল্যান্ডের চেয়ে ৮৯ রানে এগিয়ে আছে ভিরাট কোহলির দল।

এক উইকেটে ২৪ রান নিয়ে দিন শুরু স্বাগতিকদের প্রথম সেশন থেকেই ইংলিশ বোলিং আক্রমণের তীব্র প্রতিরোধের শিকার হতে হয়েছে। রোহিত শর্মা ও ভিরাট কোহলি, ভারতের টপ অর্ডারের দুই বড় শিকারকে একাই সাজঘরে পাঠান স্টোকস। দলের বাকি বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করায় ১৪৬ রানেই ভারতের প্রথম ছয় উইকেট ফেলে দিতে সক্ষম হয় ইংলিশরা। কিন্তু চতুর্থ বোলার ডম বেজের অপরিপক্ব বোলিংয়ে একসময় তার ওপর আস্থা হারিয়ে ফেলেন অধিনায়ক জো রুট এবং একাদশে একজন স্পেশালিস্ট পঞ্চম বোলার না থাকায় দিনের একপর্যায়ে নেতিয়ে পড়ে ইংল্যান্ডের বোলিং আক্রমণ। সেই সুযোগেই ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ১১৩ রানের সংগ্রহ গড়ে তুলেন পান্ত। ১১৫ বল খেলেই লুফে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক। ব্যক্তিগত ৯৪ রানে জো রুটকে ছয় হাঁকিয়ে শতকে পৌঁছান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। আটে নেমে ইংল্যান্ডের ওপর কতৃত্ব প্রতিষ্ঠা করতে সহায়তা করা সুন্দর এখনো অপরাজিত আছেন ৬০ রানে।

ভারতের ১৪৬ রানে ছয় উইকেট ফেলে দেওয়ার পরও লোয়ার অর্ডারকে কাবু করতে না পারার আক্ষেপই দিনশেষে পোড়াচ্ছে ইংল্যান্ডকে। ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ জিতান প্যাটেলের ইঙ্গিত সেদিকেই, ‘আমাদের সুযোগ ছিল এই ম্যাচে এগিয়ে যাওয়ার। কিন্তু তা হয়নি। এই পুরোনো হয়ে যাওয়া পিচে ভারতকে ১০০-র ওপর টার্গেট দিতে পারলেই খেলা জমে যেতে পারে।’

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস : ২০৫

ভারত ১ম ইনিংস : (আগের দিন ২৪/১) ৯৪ ওভারে ২৯৪/৭ (পান্ত ১০১, সুন্দর ৬০*; অ্যান্ডারসন ৩-৪০, স্টোকস ২-৭৩)