দুর্দান্ত জয়ে সমতা ফেরাল অস্ট্রেলিয়া

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:৪৫

স্পোর্টস ডেস্ক

সিরিজের প্রথম দুই টি-টুয়েন্টিতে হারার পর টানা দুই ম্যাচে কিউই আক্রমণকে ধসিয়ে দিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে গতকাল স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে অজিরা। ৫৫ বলে ৭৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পথে অজিদের হয়ে এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক ফিঞ্চ পিচের একপাশ আগলে রাখলেও অন্য পাশে নিয়মিত উইকেট পড়তে থাকলে ৬ উইকেটে ১৫৬ রানে শেষ হয় অজিদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সাবধানী শুরু করলেও অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম ঝাম্পাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কখনো ব্যাট খুলে খেলতেই পারেনি কিউইরা। নয়ে নেমে কাইল জ্যামিইসনের ১৮ বলে ৩০ রানের ক্ষুদ্র প্রতিরোধ বাদে ইনিংসে তেমন অবদান রাখতে পারেননি কেউই। সাত বল হাতে রেখেই ১০৬ রানে অলআউট হয় কিউইরা। সিরিজের অঘোষিত ফাইনাল বনে যাওয়া পঞ্চম ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, একই ভেন্যুতে।