স্পোর্টস ডেস্ক
লিভারপুলকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন য়ুর্গেন ক্লপ। ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জেতা থেকে শুরু করে ৩০ বছর পর লিগ জেতানো; ক্লপকে আধুনিক বিল শ্যাংকলি হিসেবেই মানেন অনেকে। সেই প্রজ্ঞাবান ম্যানেজারের অধীনেই এবার একটি কালিমাময় রেকর্ড করলো লিভারপুল। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠ অ্যানফিল্ডে টানা পাঁচ ম্যাচে হারলো অলরেডরা। পঞ্চম হারটি এসেছে গত বৃহস্পতিবার, চেলসির বিপক্ষে। তরুণ ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্টের একমাত্র গোলে এদিনে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে টমাস টুখেলের চেলসি।
অ্যানফিল্ডে পুরো ম্যাচে চেলসির সঙ্গে সমান সমান লড়লেও আক্রমণভাগের ব্যর্থতায় আরো একটি ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ করে লিভারপুল। ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি এসেছে প্রথমার্ধের শেষদিকে, ৪২তম মিনিটে। লিভারপুলের সব ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিবক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষক অ্যালিসন বেকারকে পরাস্থ করেন মাউন্ট। এই গোলে পাওয়া জয়েই টেবিলের শীর্ষ চারে চলে এসেছে চেলসি। আর এই ম্যাচে হারায় শীর্ষ চার এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য।
