জন্মদিনে পাঠকের মুখোমুখি কথাশিল্পী আনিসুল হক

আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

কথাশিল্পী আনিসুল হকের জন্মদিন উপলক্ষ্যে বাতিঘর আয়োজন করে দুই দিনের উত্সব। এতে ছিল বই প্রকাশনা পর্ব, আনিসুল হকের কবিতা পাঠের আসর এবং পাঠকের মুখোমুখি হন লেখক। বিশ্বসাহিত্য কেন্দ্রের অষ্টম তলায় এ পাঠকের আনাগোনায় মুখর হয়ে ওঠে লেখকের জন্মদিনের উত্সব। গতকাল শুক্রবার বাতিঘরের বিক্রয় কেন্দ্রে বিকালে পাঠকের মুখোমুখি হন আনিসুল হক। পাঠকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। আনিসুল হকের কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক, কবি কামরুজ্জামান কামু, শাহীন মমতাজ, পিয়াস মজিদ, কথাশিল্পী তানজিনা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগের সভাপতি তাওহিদা জাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী খাদিজা রহমান।

এর আগে বৃহস্পতিবার আনিসুল হকের জন্মদিনে বাতিঘর প্রকাশিত আনিসুল হক অনূদিত মিলান কুন্ডেরার ‘স্লোনেস’ উপন্যাসের প্রকাশনা উত্সব অনুষ্ঠিত হয় বাতিঘরে। বইটি নিয়ে আলোচনায় অংশ নেন কথাশিল্পী, অনুবাদক শিবব্রত বর্মন ও প্রাবন্ধিক কুদরত-ই-হুদা। ‘স্লোনেস’ সম্পর্কে আনিসুল হক বলেন, ‘করোনাকালীন সংকটে নিজেকে ও পৃথিবীকে বাঁচানোর জন্য, একটি আশ্রয় খোঁজার জন্য বইটি অনুবাদ করেছি।’ বাতিঘরের প্রধান সম্পাদক জাফর আহমদ রাশেদ স্বাগত বক্তব্য দেন। আনিসুল হকের কবিতা পাঠ করেন তাহসিন রেজা। পরে শিল্পী দিনাত জাহান মুন্নী দর্শকদের আনন্দ দেন গানে গানে।