ইত্তেফাক রিপোর্ট
প্রয়োজনে জমি অধিগ্রহণ করে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল শুক্রবার বিকালে ডেমরায় ৬৮ নম্বর ওয়ার্ডের করিম জুট মিলস মাঠে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার তৃতীয় পর্বের ফুটবল খেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের ছেলেরা যেন মাঠে ফিরে আসে, খেলাধুলা করে। কিন্তু আমরা দেখেছি যে, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত খেলাধুলার জায়গা নেই। আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে আমরা প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার জায়গা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করেছি। এরই মধ্যে কয়েকটি ওয়ার্ডে কিছু জায়গা উদ্ধার করেছি। সেগুলোক খেলার উপযোগী করার জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছি। ৪২ নম্বর, ২৬ নম্বর, ১৩ নম্বর ওয়ার্ডে আমরা উদ্ধার করা সেই জায়গাগুলোতে খেলার মাঠ করে দিচ্ছি। এটা দুরূহ কিন্তু একটু কষ্ট হলেও আমরা আশাবাদী যে, পর্যায়ক্রমে আমরা সফলতা পাব। প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে হলেও আমাদের সন্তানদের জন্য আমরা খেলার মাঠ করে দেব।’
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদসহ স্থায়ী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
